(প্রতিকী ছবি)
জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: পুরসভা নির্বাচনের আগে আগামী নতুন বছরের শুরু থেকেই পশ্চিম মেদিনীপুর জেলায় দুয়ারে সরকার শিবির চালু করার নির্দেশ এসে পৌঁছেছে। নির্দেশিকায় বলা হয়েছে, ২ থেকে ১০ জানুয়ারি প্রথম দফায় এবং ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফায় শিবির চলবে। নির্দেশিকা আসার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। দুয়ারে সরকার শিবিরে যে সমস্ত আবেদন এবং সমস্যা আসবে সেগুলি খতিয়ে দেখার কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাধান করতে হবে বলে রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে।
রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভোট হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। তার আগে দুয়ারে সরকার শিবিরে জনসাধারণের আবেদন করা সমস্যাগুলির সমাধান সম্পূর্ণ হলে শাসক দল পুরভোটে তার সুফল পাবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। কারণ বিধানসভা নির্বাচনের আগে এই শিবিরের আয়োজন করায় লক্ষ লক্ষ মানুষ সেখানে তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পেরেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে উপকৃত হয়েছেন। বিধানসভা নির্বাচনে শাসক দল তার সুফলও পেয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করে। পৌরসভা নির্বাচনের আগেও জেলার ২১১টি গ্রাম পঞ্চায়েত এবং ১২০ টি ওয়ার্ডে এই শিবির হবে। আবেদনকারীরা এই কর্মসূচিতে নিয়মমাফিক তাদের সমস্যার কথা জানাতে পারবেন বলে জেলাশাসক রশমি কমল জানিয়েছেন। পৌরসভা নির্বাচনের আগেও জেলায় সেই শিবির নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা দুয়ার সরকার শিবিরের সঙ্গে পৌরসভা ভোটের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করলেও বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অরূপ দাস কটাক্ষ করে বলেন, ফের শিবিরের আয়োজন করা হচ্ছে কেন? বিধানসভা নির্বাচনের আগে তো দুবার শিবির হয়েছে। এর থেকেই প্রমাণ হয় মানুষের সমস্যার সমাধান হয়নি।

