ছাত্র দিবসে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করল সরকার

রাজেন রায়, কলকাতা, ১ জানুয়ারি: ১ জানুয়ারি দিনটিকে স্টুডেন্টস ডে বা ‘ছাত্র দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, ওই দিন ২০ হাজার ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শনিবারই এই বিষয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। প্রত্যেকটি জেলার সঙ্গে এ দিন ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে ২০ হাজার ছাত্রছাত্রীকে ১ জানুয়ারি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার গতি আরও বাড়ানোর নির্দেশও দেন তিনি।

এ ছাড়া শনিবার প্রায় ৪ হাজার ছাত্র-ছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ১৫০ থেকে ২০০ কোটি টাকা এই দিন পড়ুয়াদের সরকারের তরফে ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। মমতা পরামর্শ দিয়েছেন, প্রত্যেক মাসে বা প্রতি ১৫ দিন অন্তর যদি এরকম একটা করে মেলা করা যায়, তাহলে পড়ুয়াদের ঋণ পেতে সুবিধা হবে। যাদের একটা কোর্স শেষ হয়ে যাচ্ছে, তারাও এই ঋণ নিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই মাস দেড়েকের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী। তখনই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলা হয়।পরিকল্পনামাফিক, রাজ্যের সমবায় ব্যাঙ্ক, রাজ্যের অনুমোদিত কেন্দ্রীয় এবং জেলা সমবায় ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের পাশাপাশি সুদের হারেও ভর্তুকি পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *