সিঁথিতে ভয়ঙ্কর কান্ড! প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে সোনার ব্যবসায়ীর চেন ও ব্রেসলেট ছিনতাই

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১ জুন:
প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে এক সোনার ব্যবসায়ীর থেকে সোনার চেন ও ব্রেসলেট ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরানগর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের সিঁথি শম্ভু নাথ দাস লেনে।

মঙ্গলবার দুপুরে সিঁথির সোনার ব্যবসায়ী পবিত্র বারিক বাইকে করে তাঁর কাকার বাড়ি চাচ্ছিলেন। সেই সময় একটি বাইকে করে দুই জন দুষ্কৃতী আসে। তারা হঠাৎ করেই পবিত্রবাবুকে উদ্দ্যেশ্য করে কটু কথা বলতে থাকে। তাঁর গলার চেন ও ব্রেসলেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় পবিত্রবাবুর কাকিমা ছুটে এসে ওই দুষ্কৃতীদের বাধা দিতে চেষ্টা করেন ও চিৎকার করতে থাকেন। তখন ঐ দুই দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। একটুর জন্য প্রাণে রক্ষা পান পবিত্রবাবু ও তার কাকিমা। দুষ্কৃতীদের চালানো গুলি কারও গায়ে না লাগলেও এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়।

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত পবিত্রবাবু বলেন, “আগে কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেনি এখানে। দিনের বেলা কথা বলতে বলতে ছিনতাই আর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছি।”
প্রকাশ্য দিবালোকে গুলি ও ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই বরানগর থানার পুলিশ ওই এলাকার সিসি টিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *