জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবুও বিজয় উৎসবে মাতছে তৃণমূল। একুশের ভোটের আগেই যেন অকাল বিজয় উৎসব। ‘খেলা হবে’ ডিজে গানের তালে মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকরা। মহিলাদের নিয়ে মহিলা মিছিল সংগঠিত হল মঙ্গলবার কেশিয়াড়ির গগনেশ্বর পঞ্চায়েতের কাঁড়ারোলে।কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এদিন কাঁড়ারোল প্রাইমারি স্কুল থেকে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মিছিল শুরু করে তৃণমূল। পরে কাঁড়ারোল শিব মন্দির মাঠে পথসভা হয়। এদিনের সভায় কাঁড়ারোল সংসদের বিজেপি সভাপতি সুকুমার সিং সহ ৬০ জন পুরুষ এবং মহিলা তৃণমূলে যোগ দিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদিকা কল্পনা শীট, ব্লকের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, সহ -সভাপতি পবিত্র শীট, আদিবাসী সংগঠনের নেতা দেবেন হাঁসদা, কাঁড়ারোল বুথ সভাপতি নির্মল সাউ, উত্তম শীট সহ আরও অনেকে।


