জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: এবারের বিধানসভা ভোটে খেলা হবে এবং বিজেপি খালি হবে। এই খেলায় বিজেপিকে বোল্ড আউট করতে হবে। আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের জনসভা থেকে এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমরা বিজেপির মত দলকে কিছুতেই ক্ষমতায় আসতে দেবো না। কারণ বিজেপি রাজ্যের জন্য কিছু করেনি। আমরা অনেক কিছু করেছি এবং আগামী দিনে সবকিছু বাংলার মানুষের জন্য করে দেবো। জনসভায় সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, এটা বাংলার ভোট, তাই এখানে বাইরের লোকের কোনও খবরদারি চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেদিনীপুরে লোকসভা ভোটে দিলীপ ঘোষ জিতেছিল। কিন্তু ভোটে জেতার পর পালিয়ে গিয়েছে। কিছু করেনি এখানকার মানুষদের জন্য। তৃণমূলকে ক্ষমতায় এনে আপনারা সব কিছু পেয়েছেন। এবারও আমাকে ভোট দিয়ে জেতান তবেই আপনারা স্বাস্থ্যসাথী কার্ড, স্মার্ট কার্ড, দুয়ারে রেশন, কন্যাশ্রী, আবাস যোজনার বাড়ি পাবেন। ৪০ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি আরও ৩০ লক্ষ বাড়ি করে দেবো। তৃণমূল নেত্রী বলেন, আমরা সব করতে পারি। আমি ঢেঁকিতে ধান ভানতে, ধান কাটতে, ধান লাগাতে পারি। আমরা কাজ করতে জানি। কিন্তু বিজেপি কোনও কাজ করে না। বিজেপির মত শয়তান দল পৃথিবীতে নেই। তারা বিভিন্ন কৌশলে ভোটে জেতার চেষ্টা করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ইভিএম মেশিন পরীক্ষা করতে হবে। ভোটের গণনার সময় তীব্র নজর রাখতে হবে। কারণ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা আমাদের কর্মীদের গণনা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা বিরিয়ানি দিলেও খাবেন না, কারণ ওই খাবারের বিজেপির লোকেরা বিষ মিশিয়ে দিতে পারে। গণনা কেন্দ্রে পুলিশ বলবে ভাই আমরা আছি তোমরা চলে যেতে পারো। কিন্তু পুলিশকেও বিশ্বাস করবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁথি ১ এবং ২ কেন্দ্রে মীরজাফরের দল ৩০ জনকে উত্তর প্রদেশ থেকে নিয়ে এসেছে ভোট করানোর জন্য। আজ কাঁথি বাসষ্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। আমি ২৮ তারিখ থেকে নন্দীগ্রামে থাকবো। সব লক্ষ্য রাখবো। মনে রাখবেন বিজেপি হলদিয়া থেকে গুন্ডা নিয়ে আসছে নন্দীগ্রামে। গুন্ডা ঢুকিয়ে ভোট করতে চাইছে। তাদের হাতা খুন্তি নিয়ে মা-বোনেরা তাড়া করবেন। বিজেপি বলছে আমাদের ভোট দাও। কিন্তু তাদেরকে ভোট দেবে কেন বাংলার মানুষ? তারা রেল বিক্রি করছে, বিএসএনএল বিক্রি করছে, সমস্ত প্রতিষ্ঠানকে বিক্রি করে দিচ্ছে। সেই টাকা খরচ করছে। আপনাদের টাকার প্রলোভন দেখাবে বিজেপি। আপনারা তাদের টাকা নেবেন কিন্তু ভোট দেবেন না। বিজেপি একটি নারী বিদ্বেষী ও কৃষক বিদ্বেষী দল। তারা দাঙ্গাকারী দল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধু দাঙ্গা হচ্ছে। হোদল কুতকুতের গুজরাটে দাঙ্গা হয়েছে। এবার বাংলায় আসছে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির টাকায় তৈরি আইএসএফ ভোটের আসরে নেমেছে। তাদের একটাও ভোট দেবেন না। এবার বাংলায় ভোটে খেলা হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। বোল্ড আউট করে মাঠের বাইরে পাঠাতে হবে। মা বোনেরা আপনারা যখন লুচি করবেন তখন বলবেন লুচি ফুলছে বিজেপি জ্বলছে।
মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাবধান থাকবেন। বিজেপির গুন্ডারা ভোট মেশিন দখল করবে। এই বিজেপিকে হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বাংলার জন্য শিল্প করার চেষ্টা চালাচ্ছি। বানতলায় পাঁচ লক্ষ ছেলে মেয়েদের কাজ করার ব্যবস্থা করেছি। দাসপুর সহ মেদিনীপুর জেলায় সোনার কাজ এবং জরির কাজ করার জন্য ক্লাস্টার তৈরীর চেষ্টা করছি। আমরা পশ্চিমবাংলায় ৪০ শতাংশ বেকার কমিয়েছি। এই জেলায় জরির কাজ, ডোকরা তৈরি এবং মাদুর তৈরি শিল্প আমরা করব। সবশেষে তিনি তাঁর নিজের লেখা একটা কবিতা পাঠ করে শোনান এবং রাজ্যের ২৯৪টি আসনে তাকে ভোট দেওয়ার আবেদন জানান।

