আমাদের ভারত, ৬ জুন: ৩৫ শতাংশ পেয়ে বিজ্ঞানে ভর্তি হওয়ার ঘোষণার সমালোচনা করলেন প্রবীন শিক্ষাবিদ তথা প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার।
সোমবার বেলা সাড়ে ১০টায় তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “৩৫ নম্বরের জনমোহিনী ঘোষণায় নিয়োগ আর অন্যান্য শিক্ষা কেলেঙ্কারির দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা ছাড়াও যা মারাত্মক হল, এতে প্রচুর ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হবে মাঝপথে। অবশ্য যদি সিট পায় আদৌ, কারণ রাতারাতি সিট আর ল্যাবরেটরির সুযোগ বাড়ানো সম্ভব হবে কি না সন্দেহ। কাজেই এই সস্তা বিজ্ঞাপনী প্রলোভনে পা না দিয়ে ছাত্রছাত্রীরা যেন নিজেদের মন ও যোগ্যতা বুঝে বিজ্ঞান নেয় উচ্চমাধ্যমিকে, অভিভাবকরাও যেন তাদের জোর না করেন। শিক্ষকরাও যেন সৎ পরামর্শ দেন। আমি মনে করি এই ৩৫ শতাংশের উদারতার পিছনে একটা অপরিণামদর্শিতা আছে, আর তার উদ্দেশ্য খুব মহৎ নয়।“

