শহরে এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কাল বৈঠক রাজ্যের সব দল ও ডিএম- এসপিদের সঙ্গে

রাজেন রায়, কলকাতা, ২০ জানুয়ারি: বুধবার সন্ধ্যেয় অসম থেকে শহরে এসে পৌঁছল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই এদিন বেলা একটা নাগাদ কলকাতায় এসে পৌঁছন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন ও নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। ইতিমধ্যেই মঙ্গলবার রাজ্য সরকার রাজ্য ক্যাডারের দুই মহিলা আধিকারিক সঙ্ঘমিত্রা ঘোষ ও স্মারকি মহাপাত্রকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সহযোগী হিসেবে নিয়োগ করেছে। কলকাতায় এসেই কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করেন এডিজি (আইন শৃঙ্খলা) ও সিইও আরিজ আফতাবের সঙ্গে। পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে বলা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা আগামী ২ দিন দফায় দফায় বৈঠক করবেন। আজ, বৃহস্পতিবার বৈঠক করবেন রাজ্যের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে। এরপর বৈঠক হবে রাজ্য ইলেকশন কমিশন, রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ কমিশনার ও এসপিদের সঙ্গে। শুক্রবার তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে। তারপর শুক্রবার তারা সাংবাদিক বৈঠকও করবেন।

গত সপ্তাহে বঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্যে জেলাশাসক এবং পুলিশ সুপারদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বাড়তি জোর দিতে বলেছিলেন। সূত্রের খবর, সব জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করা, পাশাপাশি বাতিলযোগ্য নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি। আগের ভোটগুলিতে হিংসার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন তিনি। নতুন আরও অনেক ভোটকেন্দ্রের তালিকাও তৈরি করার কথা জেলা প্রশাসনগুলির।

সূত্রের দাবি, এদিনের বৈঠকে এই সব কাজ শেষ করে প্রতিটির চূড়ান্ত রিপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে জেলাশাসকদের। তথ্য চাইতে পারেন কমিশনের শীর্ষকর্তারা। তখন যাতে তথ্যে ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে বলে হয়েছে। দুই ২৪ পরগনায় আমফান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তারও তথ্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। সে তথ্য তারা কতটা প্রস্তুত করেছেন, তার প্রমাণ বৃহস্পতিবার এবং শুক্রবারের বৈঠকেই পাওয়া যাবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *