ভর সন্ধ্যায় ঘরের মধ্যে থেকে উদ্ধার গৃহবধূর নিথর দেহ, চাঞ্চল্য রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ নভেম্বর: ভর সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে গৃহবধূর গলার নলিকাটা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায়। মৃতার নাম সুপ্রিয়া দত্ত। তার স্বামী দেবাশীষ দত্ত পেশায় জেলা পরিষদে ইঞ্জিনিয়ার পদে কর্মরত। দম্পতির একটি মাত্র ছেলে।

এদিন নির্দিষ্ট সময়ে অফিসে চলে যান দেবাশীষ বাবু। ছেলে স্কুলে যায়। সেই সময় একাই ছিলেন সুপ্রিয়া দেবী। পরে সন্ধ্যায় প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ি এসে দেখেন শোবার ঘরে স্ত্রীর রক্তাক্ত মৃত দেহ পড়ে রয়েছে।

দেবাশীষ বাবু বলেন, দুপুরে তার স্ত্রী ব্যাঙ্কে গিয়েছিলেন। কিছু টাকাও তুলেছিলেন। এরই মধ্যে এই ঘটনা। যে ঘরে মৃতদেহ রয়েছে তার পাশের ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় দেখা যায়।

খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কি ভাবে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না দেবাশীষ দত্ত। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওয়ার্ড কো-অর্ডিনেটরের প্রতিনিধি তথা তৃণমূল নেতা প্রিয়তোষ মুখার্জি। এ বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে ঘরের পরিস্থিতি দেখে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিনতাইয়ে বাধা পেয়ে
দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *