আমাদের ভারত, ২২ মার্চ:করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই করোনার নয়া প্রজাতির সংক্রমনে চিন, দক্ষিণ কোরিয়া, ইউরোপের একাধিক দেশে কোভিড সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও চতুর্থ ঢেউয়ের প্রমাদ গুনছে ভারতও। এই পরিস্থিতিতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বুস্টার ডোজ ও করোনা সতর্কতা বিধি মেনে চলাকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর ভারত সরকার বুস্টার ডোজ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।
১৬ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। এর আগে ১৪-১৮ বছর বয়সীদের টিকাকরণের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে জানুয়ারি থেকে ষাটোর্ধ্ব ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে ১৮ ঊর্ধ্ব সবার বুস্টার ডোজ চালু করতে চাইছে কেন্দ্র সরকার বলে খবর।
চলতি মাসেই ১৬ তারিখ থেকে সমস্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদেরই বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এবার পালা ১৮ ঊর্ধ্ব ও ৬০ বছরের নিচে সবার বুস্টার ডোজ নেওয়ার।
সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিশেষজ্ঞ কমিটি খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।
তবে তার আগেই ভ্যাকসিনের উৎপাদন এবং সরবরাহের বিষয়গুলিও খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্র। ভারতের তৃতীয় ঢেউ তেমন ভাবে প্রভাবিত করতে না পারার কারণ হিসেবে টিকাকরণের সাফল্যের কথাই বলেছেন বিশেষজ্ঞরা। আর সেই জন্যই চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে বুস্টার ডোজে জোর দিতে চাইছে সরকার।
এই মহামারীর সমাপ্তি কোথায় তা এখনো পর্যন্ত অজানা। করোনার নতুন প্রজাতির খোঁজ মিলছে। আবারও মহামারী আতঙ্ক জেগে উঠেছে বিশ্বজুড়ে। ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের তরফ নতুন করোনার প্রজাতির অস্তিত্ব সম্পর্কে জানানো হয়েছে। জানা গেছে, নতুন প্রজাতিটি ওমিক্রনের একটি রূপ। একইসঙ্গে বিশেষজ্ঞদের একাংশ বলেছে ওমিক্রনেই শেষ নয় এই মহামারীর। এর চেয়ে বেশি সংক্রামক করোনা স্ট্রেন আসতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেই তথ্যে সীলমোহর দিয়েছে। ‘হু’ জানিয়েছে ওমিক্রন পরবর্তী করোনা স্ট্রেইন আরও ভয়ংকর হবে। ওমিক্রনের চেয়েও দ্রুত হারে সংক্রামিত করার ক্ষমতা সম্পন্ন হবে সেটি।

