আমাদের ভারত, ২৯ জুন: রাজস্থানের উদয়পুরের হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।
রাজস্থানের উদয়পুরে মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের পর থেকেই উত্তাল দেশ। অনেকেই বলছেন পয়গম্বর বিতর্কের রেশ কতটা প্রভাব ফেলেছে দেশে এটাই সবথেকে বড় প্রমাণ। যুবককে মুণ্ডচ্ছেদ করে পৈশাচিক ভাবে খুনের ভিডিও প্রকাশ করা হয়েছে, তা দেখে আঁতকে উঠেছে গোটা দেশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হচ্ছেন একে একে সকলেই।
কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা উদয়পুরে দর্জিকে খুনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বুধবার প্রচারমাধ্যমে বলেন, “গণতন্ত্রে এই খুনিদের খুনের মাধ্যমে শিক্ষা দেওয়া, নয়তো তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।” মঙ্গলবার উদয়পুরে প্রকাশ্য দিবালোকে কানহাইয়া লাল নামের ওই যুবককে খুন করার পর দুই অভিযুক্ত দু’টি আলাদা ভিডিও শেয়ার করে। যেখানে দুজনকে হত্যার কথা স্বীকার করতে এবং পয়গম্বর বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিতে শোনা যায়।
প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে কে এস ঈশ্বরাপ্পা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহসী মন্তব্য এই দেশে বেঁচে থাকা কোনও জাতীয়তাবাদী সহ্য করবে না।” তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হয়তো বলতে পারেন দেশে শান্তি রক্ষা করতে হবে, কিন্তু তার মানে খুনিদের রক্ষা করা নয়।“
উল্লেখ্য, মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে দুই ব্যক্তি একজন হিন্দু দর্জিকে খুন করে এবং অনলাইনে ভিডিও পোস্ট করেছে। এই সঙ্গে ওই পোষ্টে দাবি করেছে যে তারা ইসলামের অবমাননার প্রতিশোধ নিচ্ছে। কারণ নিহত যুবক বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নুপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। খুনিরা ভিডিওর মাধ্যমে দাবি করেছে, যে তারা নবীকে নিয়ে এই অসম্মান মেনে নেবে না। সেই কারণে শিক্ষা দিতেই এটা করা হয়েছে।

