আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ নভেম্বর:লোকালয়ে হাতি ঢুকে পড়ার পাশাপাশি বনাঞ্চল লাগোয়া এলাকায় হাতির উপস্থিতি রুখতে সচেতনতার প্রচার চালানো হল বুধবার।বনদফতরের নাথুয়া রেঞ্জের তরফে এই সচেতনতার প্রচার চালানো হয়। মূলত বনাঞ্চল এলাকায় প্রবেশ বা পশুচারণ, অন্যায় ভাবে বনজ সম্পদ আহরণ অনুচিত বলে তুলে ধরা হয়। পাশাপাশি বনাঞ্চল পার্শ্ববর্তী এলাকাগুলিতে আলোর ব্যবস্থা রাখা এবং চাষাবাদের জমিতে ফসল রক্ষার্থে খোলা বিদ্যুতের তারের ব্যবহার না করার আর্জি জানানো হয়।এছাড়া জলাশয়ে বা ক্ষেতে বিষ প্রয়োগ অথবা ফাঁদ পাতা আইনত দন্ডনীয় বলে উল্লেখ করা হয়।

হাতি থেকে বাঁচতে বা লোকালয়ে হাতি ঢুকে পড়লে কি কি করা উচিত বা অনুচিত তা মাইকিং করে জানানো হয় বিভিন এলাকায়। সেই সঙ্গে হাতি বা অন্য কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে বনদফতরের দুইটি ফোন নম্বরে ফোন করার অনুরোধ করা হয়।

