আমাদের ভারত, আরামবাগ, ৮ আগস্ট: জল না কমায় এখনও খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষ রাস্তার ধারে ত্রিপল ও প্লাস্টিক টাঙ্গিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই দিন কাটাচ্ছেন। তাদের কাছে ঠিকমতো ত্রাণ পৌছায়নি বলে অভিযোগ। ফলে দুয়ারে জল যন্ত্রণায় ভুগছেন খানাকুলবাসীরা। নেই পর্যাপ্ত পরিমাণে খাবার। জলবন্দি মানুষজন ত্রাণ নিয়ে অভিযোগ তুলেছে। ত্রাণ বন্টন নিয়ে ক্ষোভ তাদের মধ্যে।
একদিকে জলবন্দি মানুষজনদের জুটছে না খাবার। ডুবে গেছে ঘর বাড়ি। বহু কাঁচা ও পাকা বাড়ি বন্যার জলে ভেঙ্গে পড়েছে। বন্যায় ডুবেছে রাস্তাঘাট। বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। এখন খানাকুলবাসীদের যাতায়াতের জন্য নৌকাই একমাত্র ভরসা। বন্যা কবলিত এলাকায় পানীয় জলের জন্য হাহাকার। ডুবেছে টিউবওয়েল, নেই বিদ্যুৎ, নেই খাবার, রাত জেগে দুর্ভোগ পোয়াচ্ছেন বন্যা দুর্গতরা। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলিতে। এখনও খানাকুলের বেশ কিছু এলাকায় ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা নৌকা ও স্পিড বোড নিয়ে টহল দিচ্ছেন। বাড়ির ছাদে আটকে এখনও বহু পরিবার।

