কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ আগস্ট:
ঘাটালে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাজ্য সড়ক থেকে জল কমায় গত মঙ্গলবার থেকে মেদিনীপুর ও পাঁশকুড়ার সঙ্গে বাস যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঘাটালের ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা ও ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এখনও জল জমে আছে। এসব এলাকার ভৌগোলিক আকৃতি অনেকটা গামলার মতো হওয়ায় জল ঢুকলে বেরতে সময় লাগে। কোথাও অস্থায়ী ত্রাণ শিবিরে কোথাও পাকা বাড়ির ছাদে ত্রিপল খাটিয়ে দিন কাটছে পরিবারগুলির। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।ঘাটাল বিদ্যাসাগর বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের পাউচ তৈরির মেশিন বসানো হয়েছে। সেখান থেকে দূরের গ্রামগুলিতে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যার জল ফুটিয়ে খেতেও দেখা গেছে কোথাও কোথাও। পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে।
অন্যদিকে ঘাটাল নিয়ে বার বার বৈঠক সারছেন জেলার ৪ মন্ত্রী। সম্প্রতি গতকাল ঘাটাল নিয়েও বৈঠক করেছেন এবং পরিদর্শনের জন্য সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা সহ আরও তিন মন্ত্রী। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘাটাল পরিদর্শনের কথা জানিয়েছিলেন কিন্তু আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় তার হেলিকপ্টার পরিদর্শন কর্মসূচি বাতিল করা হয়েছে।যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে করে বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখছেন।
অপরদিকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ঘাটালের সাংসদ অভিনেতা দেব এলেন ঘাটাল পরিদর্শনে। এদিন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং কথা বলেন জলবন্দি মানুষের সঙ্গে। তিনি শুকনো খাবার বিলি করেন এবং মানুষকে আশ্বস্ত করেন সাহায্য করার ও তাদের পাশে থাকার।

