রাজেন রায়, কলকাতা, ৫ মার্চ: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা দিনেই প্রথম ২ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস বামফ্রন্ট এবং আই এস এফের সংযুক্ত মোর্চা। বিজেপিকে এবং তৃণমূলকে সুযোগ না করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এমনটা আগেই জানিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাই প্রথম দুই দফায় কোথায় কোথায় বামফ্রন্ট লড়বে কোথায় লড়বে কংগ্রেস এবং কোথায় লড়বে আইএসএফ, তা স্পষ্ট করে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বামফ্রন্টের প্রার্থীদের নাম ও কেন্দ্রও ঘোষণা করলেন বিমান বসু। প্রথম ও দ্বিতীয় দফার ৬০ টি আসনের জন্য প্রার্থীদের নাম ও কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রথম দুই দফায় বামেরা লড়বে ৩৮ আসনে। কংগ্রেস ১২ আসনে। পাঁচটি আসনে লড়বে আইএসএফ। পাঁচটি আসন নিয়ে সিদ্ধান্ত হয়নি।
প্রথম দু’দফার ৩৮ আসনের মধ্যে বামফ্রন্টের হেভিওয়েট প্রার্থী দু’জন। দেবলীনা হেমব্রম লড়বেন রানিবাঁধে। সুশান্ত ঘোষ লড়বেন শালবনিতে। কংগ্রেস যে ১২ আসনে লড়বে, তার মধ্যে রয়েছে ভগবানপুর, বলরামপুর, বাঘমুন্ডি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ময়না, খড়গপুর সদর, সবং, বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কোতলপুর। আইএসএফ লড়বে মহিষাদল, রঘুনাথপুর, শালতোড়া, রাইপুর ও চন্দ্রকোণায়। যে পাঁচটি আসনে এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি, তার মধ্যে রয়েছে এগরা, নন্দীগ্রাম, পিংলা, কাশীপুর ও দাসপুর।
প্রার্থীতালিকা ঘোষণার পর বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘নন্দীগ্রাম হেভিওয়েট কেন্দ্র। এখানে কে প্রার্থী হবেন তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংযুক্ত মোর্চার ব্যানারেই লড়বে সবাই।’
কংগ্রেসের তরফে প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘যে পাঁচটি জায়গায় প্রার্থী নিয়ে সিদ্ধান্ত হয়নি, সেখানে আইএসএফ লড়তে চাইছে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এদিনের সাংবাদিক বৈঠকে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য ছাড়াও আইএসএফের সভাপতি উপস্থিত ছিলেন। আইএসএফ শনিবার তাঁদের প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।
প্রার্থী তালিকা:





