স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ ডিসেম্বর: নদিয়ার কৃষ্ণনগরে ওমিক্রনে আক্রান্ত হলেন নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা জুনিয়র ডাক্তার অনির্বাণ হালদার। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক হিসেবে তিনি কর্মরত। সূত্রের খবর, গত ১৯ তারিখ রবিবার কলকাতা মেডিকেল কলেজে র্যাপিড টেস্ট করা হলে সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে। আবার পরেরদিনই আরটিপিসিআর করা হয়। একদিন পর রিপোর্ট আসলে পজেটিভ রির্পোট ধরা পড়ে। সেখান থেকে ওই জুনিয়র ডাক্তারকে কৃষ্ণনগর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাড়িতে হোম আইসোলেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

পরিবার সূত্রে খবর, গত ১০ দিন পর হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই গত শুক্রবার নদিয়া জেলার স্বাস্থ্য দপ্তর থেকে ফোন আসে এবং জানানো হয় তিনি ওমিক্রমে আক্রান্ত হয়েছেন। তারপরই নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাকে বেলেঘাটা আইডি হসপিটালে পাঠানো হয়। এর পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের প্রত্যেককে টেস্ট করানো হয়। সেখানে তার মায়ের নদিয়া জেলার স্বাস্থ্য দপ্তর থেকে পরীক্ষা করা হলে সেখানে করোনা পজিটিভ হওয়ার কারণে তার মাকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর কোভিড হাসপাতালে। তবে তার বাবার রিপোর্ট নেগেটিভ আসে। তবে নদিয়া জেলায় প্রথম ওমিক্রমে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা কৃষ্ণনগর শহর সহ গোটা নদিয়া জেলায়।


