আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ মার্চ: কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে নাজেহাল জলপাইগুড়ি’র বাসিন্দারা। বুধবার বিকেলে আকাশ অন্ধকার করে আসে। এরপর সন্ধে নামার আগে কালো মেঘে ঢেকে দেয় গোটা আকাশ। পচন্ড হাওয়া শুরু হয় শহর জুড়ে, ধুলো বালিতে নাজেহাল অবস্থা হয় শহরের পথচলতি বাসিন্দাদের। নাক মুখ ঢেকে চলাফেরা করেন সকলে। এরই মধ্যে শুরু হয় ঝড়, সেই সঙ্গে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যে শুরু হয় বেশ কিছু এলাকায় শিলা বৃষ্টি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষরিত কোনো খবর পাওয়া যায়নি। তবে আলুর জমিতে ক্ষতির সম্ভবনা রয়েছে।
এদিকে বিকেলে আচমকা কালবৈশাখী ঝড়ে শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে যায়, সকলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। ফাঁকা হয়ে যায় বাজার দোকান। বিপর্যস্ত হয় জনজীবন।

