রাজেন রায়, কলকাতা, ১১ জুলাই: প্রথম কিছুদিন ভ্যাকসিন সংকটের পর কলকাতা পুর নিগমের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছিল ভ্যাকসিন প্রদান। কিন্তু আবার রাজ্যে শুরু হয়েছে ভ্যাকসিন সংকট। সূত্রের খবর, শুক্রবার থেকে কলকাতায় পৌরনিগমের ক্যাম্পে শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকা মিলছে। ফলে প্রথম ডোজের টিকা পাচ্ছেন না বহু মানুষ।
জানা গিয়েছে, টিকার আকালের জেরে গত শুক্রবার থেকে কলকাতায় পৌরনিগমের ক্যাম্পে শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকা মিলছে। মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম শনিবার জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারের আগে প্রথম ডোজের টিকাকরণ শুরু করা সম্ভব নয়। কেন্দ্র পর্যাপ্ত পরিমাণ টিকা পাঠাচ্ছে না। এর জেরেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে কলকাতাকে।
উল্লেখ্য, জুলাই মাসে কেন্দ্র পশ্চিমবঙ্গকে ৯০ লক্ষ টিকা দেবে বলে জানিয়েছিল। কিন্তু টিকার জোগানের সঙ্গে তাল মিলিয়ে চাহিদা মেটাতে পারছে না রাজ্য সরকার। এর আগেও টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হয়েছিল কলকাতায়। এই আবহে ফের ৪ দিন কলকাতায় বন্ধ থাকছে প্রথম ডোজের টিকাকরণ। ফিরহাদ হাকিম জানান, রবিবার ও সোমবার পুরসভা ছুটি থাকছে। তাই এই দুই দিন টিকাকরণ হবে না পৌরনিগমের ক্যাম্পে। যার অর্থ, টানা চারদিন শহরে প্রথম ডোজের টিকাকরণ বন্ধ।

