সাথী দাস, পুরুলিয়া, ৭ মার্চ: সারা রাজ্যের সঙ্গে দু’বছর পর পূর্ণাঙ্গ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পুরুলিয়ায়। শুরুর দিন নির্বিঘ্নেই শেষ হল ভাষার প্রথম পত্র। কোভিড বিধি মেনে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করানো হয়। কঠোর নিরাপত্তার মধ্যেই পরীক্ষা শুরু হয়। অভিভাবকদের উৎকণ্ঠা থাকলেও স্কুল কর্তৃপক্ষ, জেলা বিদ্যালয় শিক্ষা দফতর (মাধ্যমিক), পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়। ১৬০ টি পরীক্ষাকেন্দ্রে ৫৫৭০০ জন পরীক্ষা দিচ্ছে বলে জানান জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) গৌতম চন্দ্র মাল।

২ জন সহকারি লেখক নিয়ে ঝালদা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রী বর্ণালী চন্দ্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষা কেন্দ্র ঝালদা হিন্দি হাই স্কুল। জন্ম থেকেই দৃষ্টি শক্তি অনেকটাই কম। এছাড়া হাত দিয়ে লেখা বা কোনও ভারী জিনিস তুলতে পারে না সে। কথার মধ্যেও জড়তা রয়েছে। স্কুলে শিক্ষক ও সহপাঠীদের সাহায্যে পড়াশোনা করে এসেছে। ওই ভাবেই মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছে বর্ণালী।

এবিষয়ে পরীক্ষার্থীর বাবা শীতল চন্দ্র জানান, “আমার মেয়ে প্রতিবন্ধী হওয়ায় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষায় লেখার জন্য দুই জনকে অনুমতি দিয়েছে। তাই স্কুল ও রাজ্য শিক্ষা দফতরকে ধন্যবাদ জানাই। আশাকরি মেয়ে ভালোভাবেই পাশ করবে।”

গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসার জন্য উন্মুখ ছিল বর্ণালী। পরীক্ষা শেষে সে জানায়, “আজ পরীক্ষার প্রথম দিন ছিল। পরীক্ষা ভালো হল।”

