HS, West Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বিঘ্নে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: আজ থেকে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি ছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের। এ বছর জেলায় মোট ৩৫ হাজার ৪৫০ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ছাত্র ১৫ হাজার ৭৪৪ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৬ জন। জেলাজুড়ে মোট ৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্র শুধুমাত্র মহিলা পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও গত বছরের ৪১৭ জন পরীক্ষার্থী এবার পুনরায় পরীক্ষায় বসেছে।

পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির ব্যবস্থা ছিল। কোনও পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়। জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষাকেন্দ্রগুলির অবস্থান বিবেচনায় বিশেষ সতর্কতাও নেওয়া হয়। জঙ্গলমহল এলাকার কিছু কেন্দ্রে হাতির উপদ্রবের সম্ভাবনা থাকায় সেখানে পর্যাপ্ত সংখ্যক বনকর্মী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনর রামজীবন মান্ডি এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সৌতম ব্যানার্জি জানান, জেলা প্রশাসন সবদিক থেকে প্রস্তুত। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “একজন পরীক্ষার্থীও যাতে কোনও সমস্যায় না পড়েন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।”

পরীক্ষার প্রথম দিনে রাজনৈতিক দল গুলোর তরফে ছাত্র- ছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। তাদের পানীয় জলের বোতল, পেন পেন্সিল এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *