জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: কুয়োতে পড়ে যাওয়া পোষ্য বিড়াল উদ্ধার করতে ডাকা হল ফায়ার ব্রিগেড। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার কসবা এলাকার।

কসবার নির্মলেন্দু বিকাশ নামে এক ব্যক্তির একটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট গভীর পরিত্যক্ত কুঁয়োয় অসাবধানতাবশত পড়ে যায় বাড়ির পোষ্য বিড়ালটি। কুয়োটিতে বেশি জল না থাকায় পরিবারের লোকজন চেষ্টা করেও বিড়ালটিকে উদ্ধার করতে পারছিলেন না।অবশেষে নির্মলেন্দুবাবু যোগাযোগ করেন খড়্গপুর দমকলে। এরপরেই একটি গাড়িসহ দমকল বিভাগের কয়েকজন কর্মী উপস্থিত হন। তারা ট্যাপের মাধ্যমে কুঁয়োতে খানিকটা জল ভরে দড়িতে নাইলনের ব্যাগ ও সাইকেলের রিংয়ে মাছ ধরার জাল বেঁধে নামান। কাজে আসে এই ব্যবস্থা। জাল ও ব্যাগের মধ্যে ঢুকে পড়ে বিড়ালটি।এরপর দড়ি টেনে ওপরে তুলে আনেন দমকল কর্মীরা।

