আমাদের ভারত, কলকাতা, ১২ জুলাই: আচমকা বন্ধের নোটিশে ক্ষোভ ছড়াল জগদ্দলের এআই চাপদানি ইনড্রাস্টিসের ফাইন ইয়ার্ন ইউনিট গেটে। মিলের ভিতরের তামার তার চুরির কারণ দেখিয়ে সোমবার দুপুরে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। মিল চালুর দাবিতে দীর্ঘক্ষণ গেটে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কর্মীরা। লকডাউনে মিল বন্ধে বেকার হলেন ছয়শো শ্রমিক। লকডাউনের জন্য আপাতত মিলে তিনদিন উৎপাদন হচ্ছিল না। সোমবার ফের মিল চালু হবার পর দেখা যায় মিলের ভেতরে থাকা তামার তার চুরি হয়ে গেছে। এরপরেই মিল কর্তৃপক্ষ সাসপেন্স ন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিতে দেয় মিলের গেটে।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, “আলোচনা ছাড়াই বেআইনিভাবে বন্ধের নোটিশ ঝুলিয়েছে মিল কর্তৃপক্ষ, কিন্তু এই চুরির দায় শ্রমিকদের না বরং নিরাপত্তা রক্ষীদের। লকডাউন চলার ফলে বাইরে কোথাও অন্য কাজ করাও সম্ভব না শ্রমিকদের পক্ষে। তাই এই মিল দ্রুত খোলা দরকার।”
সাময়িক বন্ধের নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ওভারহেড ক্রেনের দুশো মিটারের বেশি তামার তার চুরি হয়ে গেছে। এর ফলে ফিনিশিং বিভাগ অকেজো হয়ে পড়েছে। তার চুরির বিষয়ে ভাটপাড়া ও জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ

