২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্র

আমাদের ভারত, ১৭ নভেম্বর: ২৫ নভেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্র। মুক্তির তারিখ নিশ্চিত করেছেন ছবির পরিচালক প্রদীপ ঘোষ।

২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’। এর আগে সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচার শুরু করেছে টিম প্রীতিলতা। গত ২ নভেম্বর চট্টগ্রাম থেকে সিনেমার প্রচারণা শুরু করেছেন সংশ্নিষ্টরা। ঢাকার ইডেন মহিলা কলেজে ৬ নভেম্বর প্রচারে যান চলচ্চিত্রের কলাকুশলীরা।

গণমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, আমাদের ইচ্ছে ছিলো ১৮ নভেম্বরের মধ্যে ছবিটি দর্শকের সামনে নিয়ে আসার। সরকারি অনুদান সহায়তাপ্রাপ্ত চলচ্চিত্র হবার কারণে বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি দিতে কিছুটা সময় বেশি লাগছে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি চলচ্চিত্রের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে ছবিটির একটি গান প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার। বীরকন্যা চলচ্চিত্রের ৫টি গান সন্নিবেশিত হয়েছে যার প্রথম গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে। শিরোনাম দেওয়া হয়েছে পরাধীনতার শৃংখল।

বৃটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে বীরকন্যা প্রীতিলতা। চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শহীদ রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামানিক। সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *