আমাদের ভারত, ২ মে: সম্প্রতি পাট শিল্পের অবস্থান নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ইস্যুতে চিঠিও লিখেছেন তিনি। বৈঠক করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে। এবার বস্ত্র মন্ত্রকের সচিব ইউপি সিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন তিনি। সোমবার বস্ত্র মন্ত্রকের সচিবের সাথে বৈঠকের পর তিনি বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি জানান এই লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়।
সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “আমি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নই, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি।” তিনি উল্লেখ করেন, পদ্ম শিবির তার সাথে রয়েছে। অর্জুন সিং বলেন, তিনি যে সমস্ত সমস্যার কথা উল্লেখ করেছেন যেগুলি স্বীকার করেছেন বস্ত্র সচিব। আগামী ৯ মে পাটশিল্প নিয়ে একটি বৈঠক হবার কথা জানিয়েছেন সচিব ইউপি সিং। ওই বৈঠকে থাকবে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। সচিব আশা প্রকাশ করেছেন সম্ভবত ওই বৈঠক থেকে সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসবে। বৈঠক নিয়ে আশাবাদী অর্জুন সিংও। তিনি বলেছেন, আমি ৯ তারিখ পর্যন্ত দেখব, আশা করি সমস্যার সমাধান হবে।
বিজেপি সাংসদ জানিয়েছেন, অসুস্থ থাকলেও সচিব এসে তার সঙ্গে কথা বলেছেন। সচিবের কাছে পাট চাষিদের সমস্যার কথা তুলে ধরেছেন বিজেপি সংসদ। একইসঙ্গে পাটশিল্পের শ্রমিকদের পিএফ, ইএসআই যাতে দেওয়া হয় সে দাবিও করেছেন তিনি। তার দাবি কেউ কেউ পরিকল্পিতভাবে নিজেদের স্বার্থে পাটশিল্পকে শেষ করে দিচ্ছিল। সেই কারণে তিনি এই লড়াই শুরু করেছেন। তবে সমস্যার সমাধান আলোচনার মধ্যেই সম্ভব বলে মনে করেন তিনি। বিজেপি সাংসদ কোনো রকম ইগোর লড়াই না করে সবাই মিলে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন।
গত কয়েকদিন ধরে পাটশিল্পের বেহাল দশা নিয়ে পাট কমিশনকে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। তাঁর এইসব মন্তব্যে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়। তাকে ডেকে পাঠানো হয় দিল্লিতে। সেখানে পাট শিল্প নিয়ে দফায় দফায় বৈঠক করেন তিনি।

