আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ ডিসেম্বর: ছাত্রীর মৃত্যুর তদন্ত প্রক্রিয়া দ্রুত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে এবার পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় মাস পিটিশন মৃতার পরিবার-সহ এলাকাবাসীর। উল্লেখ্য, ৯ ডিসেম্বর দেবনগরে অষ্টম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জলপাইগুড়ি শহরের একটি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষিকা ও এক ছাত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তদন্ত প্রক্রিয়ার তেমন কোনও অগ্রগতি হচ্ছে না বলে দাবি পরিবারের। তাই শুক্রবারের পর ফের আজ জলপাইগুড়ির কোতোয়ালি থানায় উপস্থিত হন মৃতার পরিবারসহ এলাকাবাসীরস।

দেবনগরের পঞ্চায়েত সদস্যা তথা নারী ও শিশু উন্নয়ন সমিতির সঞ্চালিকা বীণা চন্দের উপস্থিতিতে এলাকাবাসীরা থানায় একটি মাস পিটিশন জমা করে।
মৃতের বাবা দেবদুলাল ঘোষ বলেন, আমার মনে হচ্ছে পুলিশ সঠিক তদন্ত করছে না। যাতে সঠিক তদন্ত হয় তার জন্যই আমাদের এই মাস পিটিশন।’
পঞ্চায়েত সদস্যা বীণা চন্দ বলেন, ‘এরপর সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে জনগণ যদি পথে নামেন সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না। আমরা চাই দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক।’
কোতোয়ালি থানা সূত্রে খবর, ‘নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।’

