স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ এপ্রিল: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দেহ সমাধিস্থ করে রাখা হয়েছে। এবারে যে পুলিশের গুলিতে বাড়ির ছেলের মৃত্যু হয়েছে, সেই পুলিশের তদন্তে আস্থা নেই পরিবারের। তাই সিবিআই তদন্তের দাবি সামনে রেখে নিহত যুবকের মরদেহ হিন্দু রীতি মেনে আগুনে পোড়ানোর বদলে সমাধিস্থ করে রাখলো পরিবার। পাশাপাশি কালিয়াগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। শুক্রবার বিকেলে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দপ্তরে এসে অভিযোগ দায়ের করে মৃতের দাদা মৃণাল কান্তি বর্মণ। তাঁর দাবি, কালিয়াগঞ্জ থানার পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। তাই পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ জানিয়েছেন। যদিও পুলিশের ওপর তাদের কোনো রকম ভরসা নেই। তারা সিবিআই তদন্ত চায়। তাই প্রাথমিকভাবে এই অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

অপরদিকে, পুলিশের গুলিতে বুধবার রাতে মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর ঘটনার ৪৮ ঘন্টা বাদেও আতঙ্কের ছবি কালিয়াগঞ্জের চাঁদগাঁও গ্রামে। রাধিকাপুর পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশেই এই গ্রামে শুক্রবার দুপুরে পৌঁছে দেখা গেল শ্মশানের নীরবতা বিরাজ করছে।আতঙ্কের এই পরিবেশের মধ্যেই নিহত যুবকের মরদেহ সমাধিস্থ করার কাজ বৃহস্পতিবার শেষরাতে সম্পন্ন হয়েছে। বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে নিজেদের জমিতেই মরদেহ সমাধিস্থ করা হয়েছে। কুকুর, শেয়ালে যেন মরদেহের ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে বাঁশের বেড়া দেওয়া হয়েছে সমাধিস্থলের চারপাশে।


