নির্বাচনী সমীক্ষার লিফলেট ঘিরে খড়্গপুরে চাঞ্চল্য 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মার্চ: আগামীকাল খড়গপুর মহাকুমার ডেবরা, সবং, পিংলা, নারায়ণগড় ও খড়গপুর সদর বিধানসভার নির্বাচন। তার আগে খড়গপুর লোকাল থানার হিরাডি এলাকায় তৃণমূল প্রার্থীদের জয়ী হওয়ার পক্ষে সমীক্ষা করা কয়েক হাজার লিফলেট পড়ে থাকতে দেখে খড়গপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। লিফলেট গুলিতে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার যেসব বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার নির্বাচন হবে সেই সমস্ত বিধানসভার ফলাফলের সমীক্ষা পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্স বিউরো ও আরএসএসের লেটার প্যাডে উল্লেখ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। লেটার প্যাডে উল্লেখিত সমীক্ষায় প্রতিটি কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয় সুনিশ্চিত করা হয়েছে।

এলাকাবাসীরা বলেন, নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুয়ো সমীক্ষা করা লিফলেট এইভাবে রাস্তায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্ট বিউরো ও আরএসএসের নামে লেখা সমীক্ষার লিফলেট এইভাবে ছড়িয়ে দিয়ে নির্বাচনের আগে কারা এলাকায় বিভ্রান্তি ছড়াতে চাইছে তাদের চিহ্নিত করে অবিলম্বে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *