অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ সেপ্টেম্বর: দরবারি ঝুমুর শিল্পী হিসেবে খ্যাত ঝাড়গ্রামের প্রখ্যাত ঝুমুর শিল্পী অজিত মাহাতর অকাল প্রয়াণে শোকের ছায়া গোটা ঝাড়গ্রাম জেলায়। মাত্র ৪০ বছর বয়সে শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ তিনি তার ঝাড়গ্রামের গোলবাঁন্ধি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন লিভারের সিলিসিস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার এই অকাল প্রয়াণে ঝুমুর জগতের অপূরনীয় ক্ষতি হল বলে জানিয়েছেন অনেকেই।
তিনি শুধু ঝুমুর শিল্পীই ছিলেন না, সমাজকর্মী তথা ঝাড়খন্ড স্টুডেন্ট ফেডারেশনের সক্রিয় নেতা ছিলেন। মানিকপাড়া বিবেকানন্দ কলেজে পড়ার সময় থেকেই তিনি ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। সেই সময় থেকেই শুরু করেন ঝুমুর গানের চর্চা। প্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাতর কাছে তিনি ঝুমুরের তালিম নিয়েছিলেন। ‘লাল মাটি শাল বন’ সহ তার বেশ কয়েকটি ঝুমুরের ক্যাসেট রয়েছে। অনেকেই তার ভরাট গানের গলায় ঝুমুর গান শুনে দ্বিতীয় বিজয় মাহাতোকে খুঁজে পেতেন।
মধ্যবিত্ত পরিবার ছিল, বাবা অবসরপ্রাপ্ত মিলিটারি ছিলেন। তার ভাই সিআরপিএফে চাকরি করতেন। কয়েক বছর আগে তার ভাই পথ দুর্ঘটনায় নিহত হন। বাবা ও ভাইকে হারিয়ে খানিকটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই শিল্পী। ঝুমুর গানের চর্চার সাথে সাথে তিনি হোম গার্ডে চাকরি করতেন। গত বছর থেকে লিভারের রোগে আক্রান্ত ছিলেন তিনি।

