এটিএম লুটের ঘটনায় যুক্ত খোদ ইঞ্জিনিয়ার, বারুইপুরে উদ্ধার ২ লক্ষ টাকা

আমাদের ভারত, বারুইপুর, ১২ সেপ্টেম্বর: বারুইপুরের রামনগরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের কিনারা করল পুলিশ। এটিএম লুটের ঘটনায় এটিএম ইঞ্জিনিয়ার জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ইঞ্জিনিয়ার বাপ্পা মন্ডলকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। জেরায় ধৃত নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রের খবর, গত ১৫ই এপ্রিল ব্যাঙ্কের তরফে ম্যানেজার একটি এটিএম লুটের ঘটনার অভিযোগ করেন। এটিএম ভেঙ্গে ৭ লক্ষ ২০ হাজার টাকা লুট হয়েছে বলে সেই অভিযোগে জানানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অপরাধের কিনারা করল শনিবার। ঘটনায় হার্ডওয়ার ইঞ্জিনিয়ার বাপ্পাকে গ্রেফতার করে পুলিশ। ভাঙড়ের বাসিন্দা হলেও ইউকো ব্যাঙ্কের এটিএম ইঞ্জিনিয়ারের কাজের জন্য সে সোনারপুরের পূর্ব শীতলা এলাকায় ভাড়া থাকতো। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধের কথা স্বীকার করে।

এরপর তার সোনারপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ লুটের ২ লক্ষ টাকা উদ্ধার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এ সম্পর্কে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *