অফিসে থেকেও টানা দু’দিন কাজ করলেন না কর্মচারীরা, প্রভাব পুরুলিয়ার সরকারি দফতর ও আদালতে

সাথী দাস, পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি: ডিএ’র দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতির প্রভাব পড়ল সরকারি দফতর ও আদালতে। টানা দু’দিন কর্মচারীদের একটা বড় অংশ কাজ না করায় ইতিমধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে পুরুলিয়া জেলায়। আদালতে মামলার পাহাড় আরও উঁচু হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

এমনিতেই অফিস আদালতে কর্মীর সংখ্যা কম রয়েছে। তার উপর গোদের উপর বিষ ফোঁড়া হয়ে উঠেছে টানা দু’দিনের কর্ম বিরতি। বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে পুরুলিয়া জেলা বার অ্যাসোসিয়েশনেরও। খোদ উদ্বেগ প্রকাশ করলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ মহাপাত্র। তিনি বলেন, “মামলার পাহাড় হয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগ তো হচ্ছেই। এইভাবে দাবি আদায় করা যায় কি না আমি জানি না।”

টামনা থেকে আদালতে আসা বিচার প্রার্থী উত্তরা গোপ বলেন, “আজ মামলার দিন, এখানে এসে দেখি কাজ হবে না। আমি তো ক্ষতির মুখে পড়লাম। এর পূরণ কে করবে?”

রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। ওয়েস্টবেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মচারীরা এদিনও ডিএ’র দাবিতে ব্যানার পোস্টার হাতে নিয়ে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। সাধারণ মানুষ, বিচার প্রার্থীদের সমস্যার কথা জেনেও নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন আন্দোলনকারীরা।

ওয়েস্টবেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পুরুলিয়া শাখার সদস্য বিকাশ মণ্ডল বলেন, “মানুষের সমস্যার কথা সরকার বুঝুন। আমরা আমাদের অধিকার না পেয়ে আন্দোলন করছি। এটা আমাদেরও ভালো লাগে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *