রাজেন রায়, কলকাতা, ২২ এপ্রিল: ‘নির্বাচন কমিশন নিজেই কোভিড গাইডলাইন মানছে না। তাহলে আর ভোটের মধ্যে করোনা নিয়ন্ত্রণ হবে কিভাবে?’ ঠিক এভাবেই করোনা মোকাবিলায় রাজনৈতিক প্রচার বন্ধের মামলায় নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছেন, সার্কুলার নয়, পদক্ষেপ চাই। একটা সার্কুলার জারি করে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। অথচ চাইলে একমাত্র কমিশনই পারত সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে।
প্রধান বিচারপতির প্রশ্ন, কুইক রেসপন্স টিমকে কেন ব্যবহার করছে না কমিশন? পুলিশ অফিসারদের ব্যবহার করা হচ্ছে না কেন? এদিন প্রধান বিচারপতি বলেছেন, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের ১০ ভাগের একভাগ কাজও করছে না নির্বাচন কমিশন। প্রয়োজনে আদালত টি এন সেশনের ভূমিকায় কাজ করবে।
কোভিড পরিস্থিতিতে যষ্ঠ থেকে অষ্টম দফার ভোট একসঙ্গে করানোর দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের উদাসীনতার কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা করোনা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ সৌগতবাবুর। পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন যে করোনা নিয়ে আদৌ চিন্তিত নয়, এটাই তার প্রমাণ বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

