হাইকোর্টের নির্দেশে ভোটের প্রচার নিয়ে সিদ্ধান্ত নিতে সর্বদল বৈঠক ডাকল কমিশন

রাজেন রায়, কলকাতা, ১৪ এপ্রিল: ভোট প্রচারের মধ্যেই বিপুল জমায়েত বাড়িয়ে দিচ্ছে কোভিড সংক্রমণের সম্ভাবনা। সেই কারণে জমায়েতে রাশ টানতে মঙ্গলবারই নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। পুরো বিষয়টি কীভাবে পালন করা সম্ভব তা নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বার সর্বদলীয় বৈঠক ডাকা হল। আগামী ১৬ এপ্রিল সমস্ত রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডেকে পাঠানো হয়েছে।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রচারের ক্ষেত্রে কমিশনের কোভিড গাইডলাইন মানতেই হবে। একই সঙ্গে দূরত্ববিধি এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিতে বলা হয়েছে। একদিনে যখন দেশজুড়ে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা করোনার বাড়বাড়ন্তের কারণে স্থগিত করে দেওয়া হয়েছে, তখন নির্বাচনী প্রচারে কেন রাশ টানা হবে না এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

প্রচারে কোভিড বিধি পালন হচ্ছে কি না সেটা নিশ্চিত করতে যাবতীয় দায়িত্ব নিতে হবে জেলাশাসক এবং রাজ্যের নির্বাচনী আধিকারিককে। যদি কোথাও করোনা বিধি ভঙ্গ হয়, তার জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন জেলাশাসক ও রাজ্য নির্বাচন আধিকারিক।

কিন্তু হাইকোর্ট বললেও সব ক্ষেত্রে সমান নজরদারি সম্ভব হচ্ছে না। কিছু ক্ষেত্রে জোর দেওয়া যায় অনলাইন প্রচারের ক্ষেত্রেও। সেই নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে চায় নির্বাচন কমিশন।

কমিশন সূত্র জানা গিয়েছে, প্রত্যেক রাজনৈতিক দলের একজন প্রতিনিধি সেই বৈঠকে উপস্থিত থাকবেন। ১৬ এপ্রিল দুপুর দু’টোর সময় এই বৈঠক হবে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কোভিড বিধির কথা মাথায় রেখেই যে কোনও রাজনৈতিক দলের মাত্র একজন প্রতিনিধিকে আহ্বান জানানো হয়েছে। বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জগমোহন ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকেও ডেকে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *