গাইঘাটায় মদ খাওয়ার প্রতিবাদ করায় ভাইয়ের হাতে প্রাণ গেল দাদার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জুন: মদ খাওয়ার প্রতিবাদ করায়, দাদার মাথায় কাঠের চ্যালা দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠল ছোটো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর খড়ের মাঠ এলাকায়। মৃত ব্যক্তির নাম জয়দেব সরকার (৫৩)। অভিযুক্ত ছোট ভাই শ্যাম সরকার পলাতক।

স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে ছোটো ভাই শ্যাম মদ খেয়ে ঘরে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বড় ভাই জয়দেব তার প্রতিবাদ করতে গেলে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। এরপর বড়ো ভাইয়ের উপর চড়াও হয় ছোট ভাই। বড় ভাই কিছু বুঝে ওঠার আগেই সপাটে একটি কাঠ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জয়দেব। স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

পরিবার ও স্থানীয়রা জানায়, শ্যাম দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি করত। কখন এলাকাবাসীর সঙ্গে ঝামেলা করত। প্রতিবেশীরা প্রতিবাদ করতে গেলেই অশ্লীল ভাষায় গালিগালজ করত। মৃত ব্যক্তির মেজ ভাই সহদেব সরকারের বলেন, পরিবারের তিন ভাইয়ের সম্পত্তি ভাগ হয়ে গিয়েছে। বড় দাদার সঙ্গে একই ঘরে থাকতো ছোট ভাই। গতকাল রাতে মদ খেয়ে এসে দাদার সঙ্গে ঝামেলা করছিল। কিছু সময় পরে দেখি দাদা মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার মাথা ও সারা শরীর রক্তাক্ত। মদের ঘোরে শ্যাম কাঠ দিয়ে দাদার মাথায় আঘাত করেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *