পশ্চিমবঙ্গে আট দফায় শান্তিপূর্ণ নির্বাচন হবে, বললেন অধীর চৌধুরী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে আট দফায় নির্বাচন হতে চলেছে। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে আস্থা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার নির্বাচন ঘোষণা হতেই বহরমপুরে দলীয় কার্যালয়ে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গে পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। এই রাজ্যে নির্বাচন মানেই আতঙ্ক, সন্ত্রাস, বুথ দখল, বুথ লুঠ, প্রশাসন ও সরকারি দলের অশুভ আঁতাঁত। তাই আমরা সবাই দাবি করেছিলাম শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে হবে। তৃণমূল ও পুলিশের মদতে অশুভ আঁতাঁতের দৌলতে বারবার নির্বাচন রক্তাক্ত হয়েছে। সেই নির্বাচন আমরা দেখতে চাই না। তাই মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার দায়িত্ব নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের প্রশাসনের উপর বিন্দুমাত্র ভরসা নেই বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।

তিনি আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত নির্বিঘ্নে ভোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বাংলার প্রশাসনকে বিশ্বাস করি না। আর আমাদের জোট হয়ে গেছে বামফ্রন্ট কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির সাথে। মুর্শিদাবাদ জেলায় একমাত্র দুটো দফায় ভোট করা হয়েছে, যত বেশি নিরাপত্তা বাহিনী থাকবে তত ভালো ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *