ইডির নজর এবার ধৃত বনমন্ত্রীর মেয়ের শান্তিনিকেতনের বাড়ির দিকে

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৭ অক্টোবর: ‘অপা’র পর এবার ‘দোতারা’। রেশন দুর্নীতিতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই এবার তার বিশাল সম্পত্তির হদিশ মিলল শান্তিনিকেতনে। বিশাল সম্পত্তির ওপর বিলাসবহুল বাড়ির আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। এনিয়ে শান্তিনিকেতনজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে কালো টাকা সাদা করতেই কি শান্তিনিকেতনে বাড়ি কেনা?

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই তার একাধিক সম্পত্তির হদিশ মেলে। তার মধ্যে বোলপুর, শান্তিনিকেতনে বেশ কয়েকটি বাড়ির হদিশ পাওয়া যায়। যার মধ্যে ‘অপা’ অন্যতম। প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই শান্তিনিকেতনের যোগসূত্র পাওয়া গেল। শান্তিনিকেতনের রতনপল্লির বিলাসবহুল বাগানবাড়ি এখন ইডির নজরে। জানা গিয়েছে, ২০১৭ সালে প্রায় দেড় কোটি টাকা দিয়ে মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের নামে বাড়িটি কিনেছিলেন বনমন্ত্রী। পরে প্রায় এককোটি টাকা ব্যয় করে বাড়িটি সংস্কার করেন।

স্থানীয় সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক ওই বাড়িতে খুব একটা না এলেও তাঁর মেয়ে এবং আত্মীয় স্বজন মাঝে মধ্যেই আসতেন। এই মুহূর্তে বাড়িতে কেয়ারটেকার থাকলেও তিনি বাড়ির বাইরে আসছেন না। বাগান বাড়ির ভিতর থেকে তালা বন্ধ। ফলে এনিয়ে কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে সূত্রের খবর, দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলের সময়ে বেশ কয়েকজন বিধায়ক, মন্ত্রী, সাংসদরা শান্তিনিকেতনে আমোদপ্রমোদের জন্য বিলাসবহুল বাড়ি কিনে রেখেছেন। একের পর এক মন্ত্রী, বিধায়ক গ্রেফতার হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আসতে শুরু করেছে বাড়িগুলি। দু-একদিনের মধ্যেই শান্তিনিকেতনের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিতে পারেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *