বিরোধীদের ঢোল কালিরামের মত ফেটে গেছে: জয়

আমাদের ভারত, হাওড়া, ২৩ আগস্ট: ভারতের প্রধানমন্ত্রী গত ছয় বছরে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন তাতে বিরোধীদের উন্নয়নের মিথ্যে ঢোল কালিরামের ঢোলের মত ফেটে গেছে। রবিবার হাওড়ার বাগনানের খাদিনানে বৃক্ষরোপণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে এসে এই ভাবেই বিরোধীদের কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

এদিন জয় বলেন, নরেন্দ্র মোদী দেশের জন্য যে কাজ করেছেন তাতে তার গায়ে একটুও কলঙ্কের দাগ কেউ লাগাতে পারেনি। আর তাই চাঁদের গায়ে কলঙ্কের দাগ থাকলেও নরেন্দ্র মোদীর গায়ে কোনও কলঙ্কের দাগ নেই বলে দাবি করেন জয়। একটা লুট হওয়ার দেশ ভারতবর্ষ। প্রথমে মোঘলরা তারপর ইংরেজরা আর স্বাধীনতার পর কংগ্রেস দেশকে লুট করেছিল। আর  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই লুট হওয়া দেশটাকে বাঁচিয়ে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন বলে দাবি করেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার সৌভাগ্য আমি প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম, দেখেছিলাম প্রধানমন্ত্রীর মা এখনও সরকারি হাসপাতালে নিজের চিকিৎসা করান এমনকি তার দাদাও এখনো অটো চালান‌ সুতরাং এটাই প্রমাণ করে নরেন্দ্র মোদী কতটা সৎ। আর সেই কারণে তার বিরুদ্ধে কেউ কোনও রকম অভিযোগ তুলতে পারবেন না। 

জয়  বলেন, নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়াটা দেশের মানুষের কাছে সৌভাগ্যের ব্যাপার। তিনি বলেন, দেশের ১৪/১৫টা বিজেপি ক্ষমতায় থাকা রাজ্য এগোচ্ছে আর এই রাজ্য পিছোচ্ছে। বাংলাকে বাঁচাতে  আগামী বিধানসভা নির্বাচনে সকলের বিজেপির পতাকা হাতে তুলে নেওয়া উচিত বলে দাবি করেন জয়। নিজেদের উন্নতি সুখ-সমৃদ্ধি শান্তি এবং ভালো থাকার জন্য বিজেপির ক্ষমতায় আসাটা খুব জরুরি বলেও দাবি করেন জয়। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষ সভায় উপস্থিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *