ভারত- বাংলাদেশ সীমান্তের ৪০০ গজের মধ্যে ফাঁকা মাঠে পড়ে থাকা ড্রোন উদ্ধার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মার্চ: বাংলাদেশ থেকে মাত্র ৪০০ গজের মধ্যে থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার ভারত- বাংলাদেশ সীমান্তের কালিয়ানি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেট্রাপোল থানার কালিয়ানি এলাকায় শনিবার সকাল ৮ টা নাগাদ পঙ্কজ সরকার নামে এক কৃষক তাঁর জমিতে ফসল দেখতে যায়। সেই সময় তাঁর জমিতে পড়ে থাকা একটি ড্রোন দেখতে পায়। ফাঁকা মাঠের ড্রোন পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয় এবং তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে এই এলাকার পঞ্চায়েত সদস্যকে খবর দেওয়া হয়। পঞ্চায়েত সদস্য বিশ্বজিত সরকার ঘটনার কথা পেট্রাপোল থানার পুলিশকে জানান। পেট্রাপোল থানার পুলিশ ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রামের মানুষ ড্রোন দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই ড্রোন কোথা থেকে এলো বা কি কাজে এই ড্রোন ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ভারত- বাংলাদেশের সীমান্ত এলাকায় ড্রোন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *