শান্তিপুরে ভাড়া বেশি নিয়ে করোনা আক্রান্ত রোগীর মৃত দেহ হাসপাতালের গেটের সামনে ফেলে পালানোর অভিযোগ অ্যাম্বুলান্সের চালকের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ মে:
নিয়মবহির্ভূতভাবে ভাড়া বেশি নিয়ে করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ হাসপাতালের গেটের সামনে ফেলে পালালেন অ্যাম্বুলান্সের চালক। ইমারজেন্সি গেটের সামনে প্রায় চার ঘণ্টা ধরে পড়ে রইল মৃতদেহ। করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনায় আতঙ্কিত হাসপাতালে রোগী এবং তাদের পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

সূত্রের খবর, দিন কয়েক আগে মাঝবয়সী এক মহিলার করোনা ধরা পড়ে। এরপর তিনি বাড়িতেই সেফহোমে চিকিৎসাধীন ছিলেন। এরপর শারীরিক অসুস্থতা বাড়ার কারণে আজ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।অভিযোগ, হাসপাতাল বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরত্ব হওয়া সত্ত্বেও ওই অ্যাম্বুলান্সের চালক নিয়মবহির্ভূতভাবে প্রায় সাড়ে তিন হাজার টাকা দাবি করেন। অবশেষে অসহায় হয়ে রোগীর পরিবার অ্যাম্বুলান্সের চালককে ওই টাকা দিলে তবে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে মৃত্যু হওয়ার পর ওই রোগীকে ফেলে পালিয়ে যায় ওই অ্যাম্বুলান্সের চালক। প্রায় হাসপাতাল গেটের সামনে চার ঘন্টা ধরে পড়ে থাকে করনো আক্রান্ত মৃত দেহ। যার কারণে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়েছে নতুনভাবে।

এ বিষয়ে হাসপাতাল সুপার তারক বর্মন বলেন, আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি। ওই অ্যাম্বুলেন্স চালক এর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি তিনি বলেন, ওই করনো আক্রান্ত মৃতদেহ ইতিমধ্যেই সৎকার করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *