আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: তৃতীয়বার ক্ষমতার মসনদে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্প চালু করেন। কিন্তু এই প্রকল্পের আইনি বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলায় হাইকোর্ট রায় দিয়েছে এই প্রকল্প বেআইনি।
এর আগে গত বছরের আগস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ হাইকোর্টে মামলা দায়ের করেছিল। তাদের বক্তব্য ছিল, এভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু সেখানে আদালত অনুমতি দেয়নি। তার অভিযোগ ছিল এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী। কিন্তু সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন।
এরপর ফের ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই মামলাতে এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চে বেআইনি বলে রায় দিয়েছে। এটা তৃণমূল সরকারের বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
মামলাকারী শেখ আব্দুল মাজি বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী এই দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকার জোর করেই এই প্রকল্প চালাচ্ছিল। কখনো ডিলারদের ভয় দেখিয়ে, কখনো জরিমানা করে দুয়ারে রেশন চালাচ্ছিল রাজ্য সরকার।
আজ এই প্রকল্পটাকে বেআইনী ঘোষণা করেছে আদালত। একুশের ভোটের ইশতেহারে দুয়ারে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য ছিল, দোকানে গিয়ে আর রেশন নিতে হবে না মানুষকে। রেশন পৌঁছে যাবে পাড়ায়-মহল্লায়। তবে তার পরিকাঠামো নিয়ে প্রথম থেকেই সমস্যা দেখা দিয়েছিল। বহু জায়গায় প্রকল্প সেভাবে শুরুই করা যায়নি। এবার যে সমস্ত জায়গায় তা শুরু হয়েছিল সেখানেও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

