স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ ফেব্রুয়ারি: বিরল ও জটিল অস্ত্রপ্রচার করে নজির গড়লো নদিয়া জেলার সদর হাসপাতালের চিকিৎসকরা।
অস্ত্রপ্রচার করে এক মহিলার জরায়ু থেকে ৫ কেজি ওজনের টিউমার বের করলেন ডাঃ ভবতোষ ভৌমিক।
ডাক্তারবাবুর কথায় এতো বড় টিউমার খুবই কম পাওয়া যায়, রিস্ক থাকা সত্তেও অপারেশন সফল হয়েছে।

জানাগেছে, নদিয়ার পলাশীর বাসিন্দা প্রিয়া ঘোষ(৩২)। ৬ মাস আগে পেটে যন্ত্রণা ও ভারী অনুভব করছিলেন। এর পর তিনি প্রথমে চিকিৎসক দেখিয়ে ওষুধ খাচ্ছিলেন। কিন্তু ওষুধ খেয়েও তার পেটের যন্ত্রণা কমছিল না। আস্তে আস্তে তলপেট জুড়ে ব্যথা শুরু হয়ে যায়। তখন ঐ মহিলার বাড়ির লোকেরা গতকাল তাকে হাসপাতালে ভর্তি করেন। এর পর চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন তার জরায়ুতে একটি টিউমার রয়েছে তা ৫ কেজি ওজনের। সেটি অস্ত্রপ্রচার করে শরীর থেকে বাদ দিতে হবে বলে জানান চিকিৎসকরা।
প্রথমে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হলেও, পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ডাঃ ভবোতোষ ভৌমিকের অধীনে। এরপর ওই ডাক্তার বাবুর নেতৃত্বে একটি ডাক্তারদের টিম তৈরি করা হয়। তারপর প্রিয়া দেবীর জরায়ু থেকে অস্ত্রপ্রচার করে ৫ কেজি ওজনের টিউমার অপারেশন করা হয়।
জানাগেছে, অপারেশনের পর তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রিয়া দেবী হাসপাতালের বেডে শুয়ে জানান,
“বহুদিন ধরে পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। ডাক্তার বাবু আমার জীবন বাঁচালেন। এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি”।

ডাক্তার ভবতোষ ভৌমিক বলেন, “যখন রোগী আমার কাছে আসে, তখন সে পেটের যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন বলে জানান। তারপর পরীক্ষা করে জানতে পারি তার জরায়ুতে ৫ কেজি ওজনের টিউমার রয়েছে। এতো বড় টিউমার খুবই কম দেখতে পাওয়া যায়। প্রথমে দেখলাম জরায়ু রেখে টিউমার বাদ দেওয়া যাবে কি না, কিন্তু তা করলে রোগীর পরে সমস্যা হতে পারে। তাই জরায়ু সহ টিউমার বাদ দেওয়া হয়েছে। রিস্ক তো ছিলোই, কিন্তু অপারেশন সফল হয়েছে। এখন রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছেন”।

