উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে বগটুই গ্রামে জেলা শাসক

আশিস মণ্ডল, বীরভূম, ২৯ মার্চ: সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। একই সঙ্গে একাদশ শ্রেণিরও পরীক্ষা। বগটুই গ্রামের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে উৎসাহ দিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতেই প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে।

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সপ্তাহখানেক আগেই রামপুরহাটের বগটুই গ্রামে ঘটে গিয়েছে হত্যালীলা। ওই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। উচ্চ আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে এখন বগটুই গ্রাম। আতঙ্কে বহু পরিবার এখনও গ্রাম ছাড়া। ঘটনা ঘটে যাওয়ার পর গ্রামে এখন শুধু পুলিশের বুটের শব্দ। কিন্তু তাতেও আতঙ্ক পিছু ছাড়েনি গ্রামবাসীদের। বগটুই গ্রামেই রয়েছে ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। একাদশ শ্রেণির পরিক্ষার্থী ৬১ জন। তাদের মনোবল বাড়াতে এবং পরীক্ষা দিতে যাওয়ার আহ্বান জানাতে মঙ্গলবার বগটুই গ্রামে যান জেলাশাসক বিধান রায়, সঙ্গে ছিলেন মহকুমা শাসক সাদ্দাম নাভাস, রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মণ সহ প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা কথা বলেন পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে। পরীক্ষার্থীদের হাতে পেন ও চকলেট তুলে দেন জেলা শাসক।

জেলা শাসক বিধান রায় বলেন, “সামনেই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা। ছেলেমেয়েরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে তার জন্য তাদের উৎসাহিত করা হল। সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পরীক্ষার সব রকম প্রস্তুতি নেওয়ার জন্য তাদের বলা হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *