নদিয়ার জেলাশাসকের দপ্তরের চারতলা থেকে পড়ে মৃত্যু হল জেলা উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ ফেব্রুয়ারি: জেলাশাসকের অফিসের চারতলা থেকে মাটিতে পড়ে মৃত্যু হল জেলা উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের আধিকারিকের। নদিয়ার কৃষ্ণনগরের জেলাশাসক দপ্তরের ঘটনা।

জানাগেছে, দু’সপ্তাহ আগে নদিয়ার উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিক হিসাবে জেলাশাসক দপ্তরে নিয়োগ হন অসীম পাল। সূত্রের খবর, পুনর্বাসন দপ্তরের আধিকারিক অসীম পাল আজ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অফিসের চারতলায় ওঠেন। চার তলায় ওঠার পর সিঁড়ির মাঝে যে জানালা থাকে তার ফাঁক দিয়ে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। বিকট শব্দে অফিসের কর্মী এবং অফিস যাত্রীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই আধিকারিককে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *