পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ মার্চ: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নামল দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ি চালক। যদিও গাড়িতে জেলাশাসক ছিলেন না বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরামের বাহিচা এলাকায়। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে গিয়ে পতিরাম থানার পুলিশ উদ্ধার করেছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে।
পুলিশ জানায়, আজ সকালে মালদা থেকে বালুরঘাট অভিমুখেই আসছিল গাড়িটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নয়ানজুলিতে নেমে যায় গাড়িটি। যদিও জল না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চালকের চোখে ঘুম আসার কারনেই এমন বিপত্তি।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, গাড়িতে জেলাশাসক ছিলেন না। তারা পৌঁছে গাড়িটিকে উদ্ধার করেছেন। নয়ানজুলিতে জল না থাকবার কারনে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।

