স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ মার্চ:
প্রায় ২৫ লক্ষ টাকার ভেজাল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল জেলা আবগারি দপ্তর। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ডালখোলা থানার ভুষামণি এলাকায় একটি বাড়ি থেকে ভেজাল মদের কাঁচা স্পিরিট, স্টিকার, বোতল ও কার্টুন উদ্ধার করল আবগারি দপ্তর। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আবগারি দপ্তর।
জেলা আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট শৌভিক বসাকের নেতৃত্বে ডালখোলা, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ সদর আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলার ভুষামণি এলাকায় একটি ফাঁকা বাড়ি থেকে প্রচুর পরিমাণে জাল মদ তৈরির সমস্ত সরঞ্জাম উদ্ধার করে। আবগারি দপ্তরের অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট শৌভিক বসাক জানিয়েছেন, বেআইনি মদ তৈরির সামগ্রী উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।


