আমাদের ভারত, বর্ধমান, ৩০ সেপ্টেম্বর: এবার করোনা আবহে হবে দুর্গাপুজো। তাই প্রতিটি পুজো মন্ডপকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এমন নির্দেশ দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে দুর্গাপুজো উপলক্ষ্যে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলাশাসক ছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পুলিশ সুপার কামনাশিস সেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, যেহেতু করোনা আবহে দুর্গাপুজো হচ্ছে তাই প্রতিটি পুজো মন্ডপকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। মন্ডপগুলিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। পুজোর যাবতীয় অনুমতির জন্য অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। তবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখনো নাইট কারফিউ জারি আছে সেটা পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।
দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে জানা গেছে, এদিন তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক ছিল। গত বছরের মতো এবারেও পুজো মন্ডপে প্রবেশ করার জন্য নিয়ম কড়াকড়ি করা হয়েছে। মাস্ক ছাড়া মন্ডপে প্রবেশ করা যাবে না, ব্যবহার করতে হবে স্যানিটাইজার এমনই নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মন্ডপের তিন দিক খোলা থাকবে। কোনওভাবেই মন্ডপে যাতে ভিড় না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। পুজো কমিটিগুলিও সেই নির্দেশ মানবে।

