পঞ্চায়েতে জয়ী বিক্ষুব্ধ ও অন্য দলের সদস্যদের শাসক দলে যোগদান অব্যাহত বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ আগস্ট: পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক শিবিরে যোগদানের সংখ্যা বেড়ে চলেছে। বিক্ষুব্ধ, দলবিরোধী প্রার্থী বা অন্য দলের প্রার্থীদের দলে নেওয়া হবে না বলে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় ঘোষণা করলেও বিক্ষুব্ধ অন্য দলের টিকেটে জেতা প্রার্থীদের অনায়াসে দলে স্থান করে দিচ্ছে তৃণমূল।বিশেষ করে ত্রিশঙ্কু পঞ্চায়েতে বোর্ড গঠনে মরিয়া তৃণমূল বিরোধী দলের ও বিক্ষুব্ধদের দলে টানছে। এর পিছনে “অফার” কাজ করছে বলে স্থানীয় মানুষের অভিমত। অফার বলতে তারা প্রকারান্তরে প্রলোভনকেই বোঝাতে চাইছেন।

জেলায় ১৮টি ত্রিশঙ্কু পঞ্চায়েতের মধ্যে বাঁকুড়া ১নং ব্লকের কেঞ্জাকুড়া গ্ৰাম পঞ্চায়েতের নির্দল সদস্য গতকাল তৃণমূলে যোগ দেন।প্রাক্তন বিজেপি নেতা দীনেশ ভুঁইঞা এবার নির্দল প্রতীকে জয়ী হন। তিনি তৃণমূলে যোগ দেওয়ায় ২১ সদস্যের কেঞ্জাকুড়া পঞ্চায়েতে তৃণমূলের সদস্য বেড়ে দাঁড়ালো ১২। ফলাফল ঘোষণার পর দেখা যায়, তৃণমূল ১০, বিজেপি ৭, কংগ্রেস১ এবং নির্দল ৩।ইতিপূর্বে কংগ্রেসের টিকিটে জয়ী বিক্ষুব্ধ তৃণমূলে এক সদস্য যোগ দেওয়ায় বোর্ড গঠন নিশ্চিত করে তৃণমূল।

অপরদিকে রাইপুরের শ্যামসুন্দরপুর গ্ৰাম পঞ্চায়েতে সিপিএমের টিকিটে জয়ী প্রসাদ নামাতা তৃণমূলে যোগ দেন। এর ফলে ১৪ আসনের শ্যামসুন্দরপুর পঞ্চায়েতে তৃণমূলের সদস্য বেড়ে দাঁড়ালো ৭। অর্থাৎ এখানেও বোর্ড গঠনের দিকে এগিয়ে তৃণমূল। এখানে বিজেপি ৩ ও নির্দল ৪টি আসনে জয়ী। এই দুই সদস্যকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একক ভাবে লড়াই করে এলাকার উন্নয়ন সম্ভব নয় জেনেই তারা তৃণমূলে যোগ দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *