কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর,১৭ মার্চ:
১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন এবং কাজ হয়েছে সত্তর বছরে এরকম উন্নয়ন হয়নি বললেন সাংসদ দীপক অধিকারী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে বুধবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ ধারার সমর্থনে ভোট প্রচারে এসে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব এই কথাগুলো বলেন। তিনি বিজেপির সমালোচনা করে বলেন, বিজেপি ভোট চাইছে হিন্দু এবং মুসলিম বিভাজনের নীতিতে। বিজেপি হিন্দুত্বর ওপর দাঁড়িয়ে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বলেছিল বছরে ২ কোটি করে চাকরি দেবে। কিন্তু কোথায় চাকরি হয়েছে বলে প্রশ্ন করেন সাংসদ। সাংসদ দেব বলেন, গত ৫০ বছরে ভারতবর্ষের অর্থনীতির অবস্থা এত খারাপ হয়নি। অপরিকল্পিত লকডাউনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে কাজ করেছেন, শুধু তাই নয়, আমফান ঝড়ের সময় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে মানুষকে উদ্ধার করা সহ সমস্ত কাজ করেছেন।

বিভিন্ন হেভিওয়েট নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা হলেন আপনারা অর্থাৎ মানুষ। আপনারা আমাদের আশীর্বাদ করুন। তিনি রাজ্য সরকারের কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৌগত রায় বলেন, বিজেপির নেতারা বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে ভোট চাইছেন। তিনি অমিত শাহকে মোটা ভাই বলে ব্যঙ্গ করে বলেন, অমিত শাহ হাতির মতো এ রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। সৌগতবাবু জেপি নাড্ডাকে চাড্ডা বলে ব্যঙ্গ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়িকে তিনি ব্যঙ্গ করে বলেন, নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথ সাজতে বসেছেন কিন্তু আসলে সে ঠগেন্দ্রনাথ।
সৌগতবাবু কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা বলেন। শুভেন্দু অধিকারীর দলত্যাগ সম্বন্ধে তিনি বলেন, তৃণমূলের কাছ থেকে সমস্ত সুবিধা পেয়ে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। সৌগত বাবু নির্দিষ্ট পরিসংখ্যান দিয়ে রাজ্যের উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি কেন্দ্রের কৃষি বিলের ফলে পুঁজিপতিরা লাভবান হবেন বলে মন্তব্য করেন।

