অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ আগস্ট: মাঝে মাত্র আর একটা দিন, তার পরেই রবিবার রাখি বন্ধন। এই রাখি বন্ধনে যেমন বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন তেমনই সর্বসাধারণ একে অপরকে মৈত্রীর বার্তা দিতে রাখি পরান। সেই রাখি বন্ধন উৎসব উপলক্ষে ঝাড়গ্ৰাম জেলার বাজার থেকে গ্রামীণ এলাকার দোকানীদের দেখা গেল এখন থেকে থরে থরে রাখি সাজিয়ে বিক্রি করে।
বাহারী সাজের এক একটা রাখি ৫ টাকা থেকে শুরু করে ৫০, ১০০, ১৫০ টাকা পর্যন্ত। কিন্তু ঝাড়গ্ৰামের রাখি দোকানদারদের এই রাখি কতটা বিক্রি হবে তা নিয়ে অনেকটাই সংশয়ে। কারণ করোনা আবহে এখনো এখনো খোলেনি স্কুল কলেজ। আর স্কুল কলেজের ছাত্রীরাই রাখি কেনার সবথেকে বড় ক্রেতা। তাই পর্যাপ্ত পরিমাণে রাখি বিক্রি হবে কিনা তা নিয়ে চিন্তায় জেলার রাখি বিক্রেতারা।

তবে কারো কারো মতে কিছুসংখ্যক মানুষ যাইহোক রাখি কিনবেন। আর তাতেই দোকানের সাজিয়ে রাখা রাখি বিক্রি হয়ে যেতে পারে বলে মনে করছেন গোপীবল্লভপুর, ছাতিনাশোল বাজার এলাকার রাখি বিক্রেতারা।

