পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই আলোর উৎসব দিপাবলী। আর তার আগে ইতিমধ্যেই দোকানগুলিতে চলে এসেছে আধুনিক উন্নত মানের টুনি বাল্ব। যা ইতিমধ্যেই গত কয়েক বছর ধরে দখল করেছে মাটির প্রদীপের জায়গা।তবে লকডাউন পরিস্থিতির পর চিত্রটা অনেকটাই পাল্টেছে। তার মধ্যে চীন ভারত দ্বন্দ্বে কিছুটা হলেও কোণঠাসা হয়েছে টুনির কদর।
চলতি বছরে আবার পুনরায় চাহিদা বাড়ছে মাটির প্রদীপের। কারণ চায়না টুনি বাল্বের দাম বর্তমানে অনেকটাই বেশি, সেই তুলনায় মাটির প্রদীপের দাম অনেক কম। তাই সাধারণ মানুষ ঝুঁকছে মাটির প্রদীপের দিকে। তাই বর্তমান অনুকূল আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাটির প্রদীপের চাহিদা। তাই কুমোরপাড়াতেও মাটির প্রদীপ তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা। নারায়ণগড় ব্লকে কুমোরপাড়া ও দোকানদারদের সঙ্গে কথা বলে এই সম্ভাবনার কথাই জানা গেল।

