রাজেন রায়, দিল্লি, ২৪ এপ্রিল: অক্সিজেন সরবরাহ ঠিকমত না হওয়ার জন্য দিল্লি সরকারকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের। তিনটি হাসপাতালে অক্সিজেনের সমস্যা নিয়ে আজ দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল হয়েছিল। তার নির্দেশেই বলা হয়েছে, যারা অক্সিজেন সরবরাহের সমস্যা তৈরি করবে তাদেরকে প্রয়োজনে ফাঁসির আদেশ দেবে দিল্লি হাইকোর্ট।
দিল্লি সরকার জানায়, তারা কেন্দ্রের কাছে বারে বারে অক্সিজেন চাইলেও কেন্দ্র তাদের অক্সিজেনের সম্পূর্ণ যোগান দিচ্ছে না। কেন্দ্রের পক্ষ থেকে তাঁর জেনারেল তুষার মেহেতা বলেন, ‘অন্যান্য উপদ্রুত রাজ্যগুলি নিজেরাই অক্সিজেনের ব্যবস্থা করছে এবং কেন্দ্র তাদের শুধুমাত্র সাহায্য করছে। কিন্তু দিল্লি সরকার নিজেদের সমস্ত দায়িত্ব কেন্দ্রের উপর ছেড়ে দিয়ে বসে আছেন। এমনকি অক্সিজেনের ট্যাঙ্ক পাঠানো বা কোন হাসপাতালে কতটা অক্সিজেন প্রয়োজন, সেই তালিকাও সঠিকভাবে পাঠাচ্ছে না দিল্লি সরকার। দিল্লিতে যে অক্সিজেন প্রস্তুতকারক সংস্থাগুলি আছে তাদের কাছেও কোথায় কতটা অক্সিজেন পাঠাতে হবে, তার সঠিক তথ্য নেই।
এই জায়গা থেকে হাইকোর্ট দিল্লি সরকারকে প্রচন্ড ভর্ৎসনা করে। বলা হয়, ২০২০ সাল থেকে চলছে করোনা সংক্রমণ। গত এক বছর ধরে কেন তারা অক্সিজেন প্ল্যান্ট বসানোর ব্যবস্থা করেনি? আগে থেকে কেন আপৎকালীন ব্যবস্থা হিসাবে অক্সিজেন মজুত করে রাখেনি? এই প্রশ্ন করে অতি দ্রুততার সাথে দিল্লি সরকারকে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে যাবতীয় সমস্যা সমাধান করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

