শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকবে, সুপ্রিম কোর্টে দুই বিচারপতির পৃথক রায়ের পর জানিয়ে দিল কর্ণাটক সরকার

আমাদের ভারত, ১৩ অক্টোবর: হিজাব মামলায় কর্ণাটক হাইকোর্টের রায় নিয়ে একমত হতে পারেনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তারপরেই কর্ণাটকের শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার জানিয়ে দিলেন হাইকোর্টের রায়ই মেনে চলবে রাজ্য সরকার। আগের মতোই কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানের হিজাব পরা নিষিদ্ধ।

পাশাপাশি তিনি আরও বলেন, গোটা বিশ্বে যখন মহিলারা হিজাব না করার দাবিতে সরব, তখন এই ইস্যুতে সুপ্রিম কোর্ট থেকে আরও ভালো রায় আশা করেছিলাম। ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছিল হিজাব পরাকে ধর্মাচরণের প্রয়োজনীয় অঙ্গ হিসেবে দেখা ঠিক নয়। কর্ণাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত বহাল রেখেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল।
বৃহস্পতিবার হিজাব মামলায় বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি হেমন্ত গুপ্ত খন্ডিত রায় দিয়েছেন। মামলাটি উচ্চতর বেঞ্চে গেছে।

সুপ্রিম কোর্টের রায় দানের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী।তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের খন্ডিত রায়কে স্বাগত জানাচ্ছি। এই ইস্যুতে ভবিষ্যতে কি আইনি পদক্ষেপ করা হবে সে নিয়ে চিন্তাভাবনা করব। তিনি এও বলেন, উচ্চতর বেঞ্চের রায়ের দিকে আপাতত নজর থাকবে রাজ্য সরকারের। তবে বৃহস্পতিবার এর রায় নিয়ে নিজের হতাশা গোপন করেননি তিনি। তাঁর কথায় ইরানের মতো দেশ সহ গোটা বিশ্বের মহিলারা যখন হিজাব পরবেন না বলে দাবি তুলেছেন, তখন সুপ্রিম কোর্টের কাছ থেকে আরও একটু ভালো কিছু রায় আমরা আশা করেছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *